রাজনীতি

সরকারি-বিরোধী দল পরস্পর শত্রু নয়, বরং সহায়ক: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৪:৫২ এএম
সরকারি-বিরোধী দল পরস্পর শত্রু নয়, বরং সহায়ক: অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য ও সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “সরকারি দল ও বিরোধী দল পরস্পর শত্রু নয় বরং দেশের উন্নয়নের জন্য সহায়ক।”

তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন–এ দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে সরকারি দল ভুল করলে বিরোধী দল তা ধরিয়ে দেবে এবং সরকার সংশোধন করবে। এভাবে দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় থাকবে।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, প্রকৌশলীরা দেশের মেধাবী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশ। তারা যদি সত্যের পথে থাকে এবং আল্লাহকে ভয় করে, তবে ঘুষ-দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। দেশকে সুন্দর ও সুষ্ঠু করে গড়ে তোলায় প্রকৌশলীদের অবদান অপরিসীম।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। নরসিংদীতে ১৫ বছরের কিশোরী ও রামপুরায় ৬ বছরের শিশুর ওপর সংঘটিত নৃশংসতা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সরকার দায়িত্ব ছেড়ে দিক। বিরোধীদলকে রাস্তায় নামতে বাধ্য করা উচিত নয়; তারা সংসদ ও রাজপথে দেশের জন্য সহায়তা দিতে চায়।

সভাপতির বক্তব্যে ফোরামের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ফোরাম প্রকৌশলীদের দক্ষ ও সৎ হিসেবে গড়ে তুলছে এবং জাতির সেবায় নিরলস কাজ করছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান শাহিদ। উপস্থিত ছিলেন এফইএবির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, এবং ফোরামের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকসহ অন্যান্য প্রকৌশলী ও শিক্ষাবিদরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!