রাজনীতি

যারা আল্লাহকে ভয় করে না, তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে: ড. আযাদ

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৪:৫৮ এএম
যারা আল্লাহকে ভয় করে না, তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে: ড. আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যারা আল্লাহকে ভয় করে না, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে ভয় পায় না। আল্লাহর কাছে জবাবদিহি ভাবলে কেউ জাল ভোট দিতে বা ভোট কারচুপি করতে সাহস পাবে না।”

শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত ‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আযাদ বলেন, রোজা হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম। এটি লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর জন্য। রোজা মানুষকে নিষ্পাপ করার সুযোগ দেয়। তবে যদি কেউ রোজা শেষে আগের মতো দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তার রোজা অনর্থক।

তিনি আরও বলেন, রমজান মাসের মর্যাদা কুরআন নাজিলের কারণে। যেভাবে কুরআন এই মাসকে মর্যাদাপূর্ণ করেছে, সেভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র কুরআন লালন করলে আল্লাহর কাছে মর্যাদাশীল হবে। কুরআনের বিধান বাস্তবায়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রে সাফল্য সম্ভব নয়।

বিশেষ অতিথি, ড. আব্দুল মান্নান বলেন, ইসলামী রাষ্ট্রে যাকাত ফরজ হওয়ার মূল কারণ অর্থনীতি পরিশুদ্ধ ও গতিশীল করা। এভাবে দারিদ্র্য দূরীকরণ সম্ভব। তিনি সকলকে যথাযথভাবে যাকাত হিসাব করে পরিশোধ করার আহ্বান জানান।

সভাপতির দায়িত্ব পালন করেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. কামরুল আহসান হাসান। এছাড়া মহানগরীর মজলিসে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন, মির বাহার আমিনুল ইসলাম, নেছার উদ্দিন সহ ঢাকা-৬ এলাকার সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!