রাজনীতি

একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র: এবি পার্টি

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৪:৫৫ এএম
একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র: এবি পার্টি

একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় রাষ্ট্র নাগরিকের জানমাল রক্ষায় চরমভাবে ব্যর্থ—এমন মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, ধারাবাহিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাবেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।

এবি পার্টির নেতারা দাবি করেন, দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। ক্ষমতার ছত্রছায়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। ফলে শিশু থেকে নারী—কেউই নিরাপদ নয়। তাঁদের ভাষ্য, এটি কেবল সামাজিক অবক্ষয় নয়; সরকারের রাজনৈতিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।

নেতারা আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বাজারে সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা।

এবি পার্টি হুঁশিয়ারি দিয়ে জানায়, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদারের কথাও জানায় দলটি।

সভা থেকে চার দফা দাবি তোলা হয়: শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করা; প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করে ব্যর্থতার তদন্ত করা; এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় প্রকাশসহ তাঁদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!