রাজনীতি

নির্বাচন–পরবর্তী সহিংসতা বন্ধে সরকারের পদক্ষেপ চাইলেন: গোলাম পরওয়ার

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৩১ এএম
নির্বাচন–পরবর্তী সহিংসতা বন্ধে সরকারের পদক্ষেপ চাইলেন: গোলাম পরওয়ার

নির্বাচন–পরবর্তী সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের পর একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছিল। তাঁর ভাষায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো—একটির অনুপস্থিতিতে রাষ্ট্রের অগ্রযাত্রা সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অসহিষ্ণুতা বেড়েছে। বিশেষ করে বিজয়ীদের পক্ষ থেকে পরাজিত প্রার্থীদের সমর্থক ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর দলীয় কর্মীদের ওপর হামলার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জামায়াত দুটি আসনে জয়ী হওয়া সত্ত্বেও সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে—এ দাবি করে তিনি বলেন, অন্য আসনগুলোতে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ১২ ফেব্রুয়ারি আহ্বান করা জাতীয় সংসদের অধিবেশনের আগে সহিংসতা বন্ধ না হলে গণতান্ত্রিক অঙ্গীকার প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে তিনি রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ও ইরান প্রসঙ্গে সাম্প্রতিক হামলার নিন্দা জানান এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান করেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!