যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
রোববার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে ইরানে হামলা ও দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ইরানে চলমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তাঁর দল। যুদ্ধে নিহত ব্যক্তিদের জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে বিশ্বসম্প্রদায়কে দ্রুত সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বশান্তির লক্ষ্যে গঠিত জাতিসংঘ প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। সংস্থাটি যদি নিরপেক্ষ অবস্থান না নেয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। পাশাপাশি ওআইসি–কেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে জামায়াতের এই নেতা বলেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তাই বৈশ্বিক স্বার্থেই দ্রুত যুদ্ধ বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের ইঙ্গিত দেন তিনি।
দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরও রাজনৈতিক সহিংসতা বন্ধ হয়নি এবং জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এসবের মুখেও দলটি রাজনীতিতে সক্রিয় থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!