পাবনার ঈশ্বরদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যার ঘটনাটি মানবিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে। নাতনিকে সম্ভাব্য ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে—এ অভিযোগ তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একইভাবে গোবিন্দগঞ্জে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত–পা বেঁধে হত্যার ঘটনাও জাতিকে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার ঘটনা বাড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত বিচার না হওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত অবিলম্বে দুটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!