রাজনীতি

মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়তে পারলে বাড়বে উৎপাদন, মানবিক হবে সমাজ: শফিকুর রহমান

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:১৭ এএম
মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়তে পারলে বাড়বে উৎপাদন, মানবিক হবে সমাজ: শফিকুর রহমান

কর্মক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সংঘাত নয়, সমন্বয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়ে তুলতে পারলে সমাজ মানবিক হবে এবং উৎপাদনক্ষমতা বাড়বে।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ–এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, সমাজে মালিক-শ্রমিক সংঘাত বিভিন্ন স্থানে দেখা যায়, যা কাম্য নয়। তাঁর ভাষ্যে, মালিক উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করেন, আবার শ্রমিকের শ্রমেই কলকারখানার চাকা ঘোরে। “আমরা একে অপরের পরিপূরক। তাই সংঘাত নয়, প্রয়োজন সমন্বয়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরে যেখানে শ্রম বিনিয়োগের সুযোগ রয়েছে, সেখানে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া তৈরি করা গেলে দেশ উপকৃত হবে। এতে করে উৎপাদন বাড়বে এবং একটি মানবিক সমাজ গড়ে উঠবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান দরিদ্র ও শ্রমজীবী মানুষের মর্যাদার কথা তুলে ধরেন। তিনি বলেন, হালাল উপার্জনের ঘাম তাঁর কাছে সম্মানের। সমাজকে “কেয়ারিং” ও “দরদী” রূপে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!