রাজনীতি

আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে বিএনপি: আসিফ মাহমুদ

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:১৯ এএম
আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে বিএনপি: আসিফ মাহমুদ

আদালতকে ব্যবহার করে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তাঁর দাবি, এ কাজে বিএনপি ভূমিকা রাখছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি গঠিত ‘সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি’র পক্ষ থেকে এ জরুরি সংবাদ সম্মেলন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি “ডুয়েল গেম” খেলছে। বাইরে উদারতার কথা বললেও ভেতরে আদালতের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় বাধা তৈরি করা হচ্ছে। তাঁর ভাষ্য, সিলেক্টিভ বা বাছাইভিত্তিক সংস্কারের বিষয়গুলো নিয়ে আদালতে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আদালতে যা ঘটছে, তা নিয়ে আগেই শঙ্কা ছিল। “এর পেছনে কারা আছে, সেটা স্পষ্ট,” দাবি করেন তিনি। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে গণ-অভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকারের বৈধতাও বিতর্কের মুখে পড়তে পারে। একই ধরনের আদেশের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা। তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদ বিষয়ে ব্যক্তিগতভাবে রিট করা হলেও বিএনপির আইনজীবীরা শুনানিতে দলীয়ভাবে অংশ নিয়েছেন এবং এসব উদ্যোগকে চ্যালেঞ্জ করেছেন। তাঁর মতে, রাজনৈতিক বিষয়কে আদালতে টেনে নেওয়া হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!