রাজনীতি

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা: নাহিদ ইসলাম

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:২৩ এএম
গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা: নাহিদ ইসলাম

গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে বিচারব্যবস্থাকে বিতর্কে টানা হলে তার পরিণতি ভালো হবে না।

সোমবার চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। সেই রায় বাতিলের লক্ষ্যে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ। “আদালতকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণে আদালতকে ব্যবহার করা হলে তা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য শুভ হবে না। তিনি সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, স্থানীয় পর্যায় থেকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং দলের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

বিএনপি বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!