জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রুল জারির প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তবে তা হবে জনগণের প্রত্যাশার পরিপন্থি।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক বিষয় আদালতের বারান্দায় নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার ফল ইতিবাচক হয়নি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা তৈরি করেছে।
এর আগে হাইকোর্টে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাব নিয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের আচরণে মনে হচ্ছে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট দায়ের করে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা হবে দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ।
তিনি আরও বলেন, পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরোনো কৌশল পরিহার করতে হবে। দেশবাসীর প্রত্যাশা—সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান হোক।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!