রাজনীতি

পরিবারসহ নিজের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৪৩ এএম
পরিবারসহ নিজের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র Asif Mahmud Sajib Bhuiyan পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তাঁর নিজের দুটি ব্যাংক হিসাব রয়েছে। এ ছাড়া বাবার পাঁচটি, মায়ের একটি এবং স্ত্রীর একটি ব্যাংক হিসাবের তথ্যও তিনি উপস্থাপন করেছেন।

নিজের হিসাবের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে তাঁর সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে বেতন ও ভাতা সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএসহ বিভিন্ন ভাতা ওই অ্যাকাউন্টেই এসেছে। সরকারে যোগ দেওয়ার আগে সেখানে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮২ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

পরিবারের হিসাব সম্পর্কে তিনি জানান, তাঁর বাবার পাঁচটি অ্যাকাউন্টে বর্তমানে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন আছে, যার বিপরীতে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বাকি। অ্যাকাউন্টে থাকা অর্থ সমন্বয় করলে এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণ থাকে। তাঁর মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা।

সম্প্রতি তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে গুঞ্জন ছড়াচ্ছে। তিনি বলেন, দায়িত্ব ছাড়ার সময় এ ধরনের আলোচনা ওঠেনি। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা সামনে আসার পরই এসব অভিযোগ তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাংক হিসাব তলবের বিষয়টি আলাদাভাবে প্রচার করে রহস্য তৈরি করার চেষ্টা হচ্ছিল। সে কারণেই তিনি আগেই নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!