রাজনীতি

বিএনপি দেবে এমপি-মন্ত্রীর জন্য দুই দিনের সংসদীয় প্রশিক্ষণ

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৪৫ এএম
বিএনপি দেবে এমপি-মন্ত্রীর জন্য দুই দিনের সংসদীয় প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে বিএনপি নিজেদের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণ আয়োজন করছে।

৬ ও ৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও সংসদীয় কার্যপ্রণালী ও মন্ত্রণালয় পরিচালনায় অভিজ্ঞতা কম থাকায় এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোই মূল লক্ষ্য।

কর্মশালায় সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-নিরীক্ষা এবং নীতিগত প্রস্তাব যাচাইয়ের দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ এবং স্থানীয় উন্নয়নের তদারকি বিষয়ে আলোচনাও থাকবে।

প্রথম দিন সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন, বিকেলে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। দ্বিতীয় দিন সকাল ও বিকেলে দেশের অন্যান্য অঞ্চলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, এখনও কর্মশালার চূড়ান্ত অ্যাজেন্ডা চূড়ান্ত হয়নি, তবে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, পয়েন্ট অব অর্ডার, আর্থিক শৃঙ্খলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিষয়ক দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!