বিএনপির নেতাকর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের বদনাম হয় বা জনগণের মনে কষ্ট তৈরি হয়।
বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দল একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিগত সময়কে ‘ফ্যাসিবাদী শাসন’ উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং অর্থ পাচারের মতো ঘটনা ঘটেছে। এখন জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, যে দলই হোক—সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে।
তিনি বলেন, নেতাকর্মীদের আচার-আচরণ এমন হতে হবে যাতে জনগণের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয় এবং দলের সুনাম অক্ষুণ্ন থাকে। ‘আমরা ক্ষমতায় আছি’—এমন মানসিকতা পরিহার করতে হবে।
পুরান ঢাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জলাবদ্ধতা, যানজট ও দূষণসহ নগরজীবনের নানা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেতে এখন থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
তিনি আরও বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার যানজট নিরসনে বড় পরিবহন, মেট্রোরেল ও বাসসহ বিভিন্ন যানবাহনকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনার কাজ চলছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ, হাজী মো. আদিল, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেনসহ স্থানীয় নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!