বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম, তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মু. ইকবাল এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. হিফজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জনের শিক্ষা পায়। তিনি বলেন, বছরের এগারো মাস মানুষ নানা নিয়ামতের মধ্যে জীবনযাপন করে। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সেই নিয়ামতের মূল্য উপলব্ধি করার সুযোগ সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা হলেও বাস্তবে প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, সহিংসতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। একই সঙ্গে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
ইফতার মাহফিলে নবনির্বাচিত বিভিন্ন সংসদ সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!