আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেছেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলেই প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন সম্ভব।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন।
তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সমাজ, রাষ্ট্র ও সভ্যতার অগ্রযাত্রায় নারীর অক্লান্ত শ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই এই দিবসের তাৎপর্য রয়েছে।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য—“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। তবে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা, নির্যাতন ও অনিরাপত্তার ঘটনা উদ্বেগজনক বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন ঘরে ও বাইরে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করে ক্ষমতায়নের কথা বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও বিশ্ব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব পায়, কিন্তু বাস্তবে প্রয়োজনীয় নিরাপদ ও সহায়ক সামাজিক পরিবেশ এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মান প্রদান করেছে। আল্লাহর প্রদত্ত অধিকার ও মর্যাদা নিশ্চিত করে নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি এমন একটি সমাজ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে নারী নিরাপদ, সম্মানিত ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবে এবং সমাজ ও রাষ্ট্র নির্মাণে তাদের মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!