রাজনীতি

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:০৪ এএম
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কিন্তু মুক্তিযুদ্ধ জাতির গৌরবের অধ্যায়, আর সেই গৌরবকে আওয়ামী লীগই ভূলুণ্ঠিত করেছে।

তিনি অভিযোগ করেন, গুম, খুন, হত্যা, অর্থ পাচারসহ নানা অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে মুক্তিযুদ্ধ, সাত মার্চ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে সরকারই প্রথম বেঈমানি করেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দুটি শপথ নেওয়া হলেও সরকারি দল একটি শপথ নিয়ে সেই অঙ্গীকার থেকে সরে গেছে বলে তিনি দাবি করেন।

তবে সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহের কথাও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, আগামী ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান তিনি। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ দলটির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতারা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!