রাজনীতি

‘শ্রমিকদলকে কোনো অনৈতিক কাজ করতে দেব না’

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:০৭ এএম
‘শ্রমিকদলকে কোনো অনৈতিক কাজ করতে দেব না’

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক দলের কোনো নেতাকর্মীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী হয়রানির কোনো ঘটনা সহ্য করা হবে না। পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যপদে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে বলেও তিনি উল্লেখ করেন।

শিমুল বিশ্বাস বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটের মাধ্যমে গঠিত এই সরকারকে দেশের শ্রমিক সমাজ সমর্থন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় শ্রমিক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, নাছরিন আক্তার দিনা, এম এ বারী, জাহাঙ্গীর হোসেন, মোর্শেদ আলম, ফরহাদ হোসেন বুলেট, আব্দুস সোবহান, মো. আলাউদ্দিন, আব্দুল মাজেদ, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান মিন্টু, লুৎফন নাহার লতা, আবুল কালাম আজাদ, আবুল খায়ের খাজা, জাকির হোসেন, মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার ও ফিরোজ উজ জামান মামুন মোল্লা প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!