জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২ হিজরির ১৭ রমজান (১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে বড় যুদ্ধ। এ যুদ্ধের মাধ্যমে জালিম শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ-রাষ্ট্র ও শাসননীতির বিজয় ঘটে।
পীর চরমোনাই বলেন, বাহ্যিকভাবে খুবই নগণ্য সেনাদল থাকা সত্ত্বেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে বিজয় লাভ করেছিলেন। এটি আমাদের জালিম শক্তির বাহ্যিক অবস্থান উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। তিনি বিশেষ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং সব বদরী সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ও সালাম প্রেরণ করেন।
বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর চরমোনাই বলেন, শাসন পরিচালনায় ন্যায় ও ইনসাফের বদলে হিংসা, লোভ ও সহিংসতাই প্রধান নীতি হিসেবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শত কোটি মানুষ নানামাত্রিক বিপদে পড়ছে, হাজারো মানুষের জীবন যাচ্ছে এবং নিষ্পাপ শিশুদের প্রাণও হারাচ্ছে।
রেজাউল করীম আরও বলেন, জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক বদরযুদ্ধ শাশ্বত প্রেরণার উৎস। বাহ্যিকভাবে আমাদের শক্তি যতই কম দেখাক না কেন, অটল ও অবিচল থেকে সংগ্রাম করলে বিজয় নিশ্চিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!