প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা করার আবেদন করেন রাজধানীর রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম। বাদীর পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে বেলা ১১টায় আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি আসনে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। এরপর তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত এসব বক্তব্য অনলাইন নিউজ মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
বাদী অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকির নাম্বার ওয়ান গডফাদার—মির্জা আব্বাস’ জাতীয় মন্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে বাদী ও মির্জা আব্বাসের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। এই কার্যকলাপ সমাজ ও শিষ্টাচারের পরিপন্থী ও মানহানিকর বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!