প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর আসামি নাসীরুদ্দীনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীর পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, “আজ সকালে আমরা আদালতে মামলার আবেদন জমা দিয়েছি। শুনানি শেষে আদালত নাসীরুদ্দীনের উপস্থিতি নিশ্চিত করতে সমন জারি করেছেন।”
বাদীর অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত তার বক্তব্য কয়েকটি অনলাইন নিউজে হুবহু ছাপা হয়।
বাদী দাবি করেছেন, নাসীরুদ্দীনের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করছে। তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করার চেষ্টা করেছেন।
আদালত মামলার প্রাথমিক শুনানির জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!