জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোটের অধিকার লঙ্ঘনের সবকিছু এখন দিবালোকের মতো স্পষ্ট, এবং এর সাক্ষীও পাওয়া যাচ্ছে। এই অন্যায়ের বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনগণের পক্ষেই আসবে।”
শফিকুর রহমান উল্লেখ করেন, নির্বাচনের আগে তারা বলেছিলেন, কোনো দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি। তিনি জানান, সংসদে আসন সংখ্যা বা বিরোধী দল হিসেবে স্বীকৃতি বড় বিষয় নয়; বরং জনগণের সুবিধা ও অধিকার নিশ্চিত করাই জামায়াতের মূল অঙ্গীকার।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “৫৪ বছরের যন্ত্রণা সহ্য করার পর যুবসমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের কাজ। যুবসমাজ সব ক্ষেত্রে সুবিচার চায়; স্বজনপ্রীতি, দলপ্রীতি বা ব্যক্তিপ্রীতি নয়।”
শফিকুর রহমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “প্রতিহিংসা ও দুর্নীতির ক্যানসার দূর করতে না পারলে জাতির ভবিষ্যৎ আরও বিপজ্জনক হতে পারে। রাজনীতি মানুষের জন্য হওয়া উচিত, কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়।”
তিনি জানান, জামায়াত ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবে এবং প্রয়োজনে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
ইফতার মাহফিলে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সভাপতিত্ব করেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!