স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছেন।
তিনি বলেন, “ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এটি আপনাকে সেই ক্ষমতা দেবে যার মাধ্যমে আপনি সবার সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন। শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, একজন নারী হিসেবে পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থানও নিশ্চিত হবে।”
মির্জা ফখরুল জানান, বর্তমানে সারাদেশে মাত্র ১৪টি ইউনিয়নে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে তিনি আশ্বাস দেন, সব মা-বোনেরা এই কার্ড পাবেন। “এটি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে, শুধুমাত্র সময়ের ব্যাপার,” তিনি বলেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে মঙ্গলবার বেলা ১১টায় এই তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে নির্বাচিত করেছে, তাই জনগণের সমস্যা সমাধান করাই তার লক্ষ্য। “আমাদের মেডিকেল টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী অর্থবছরে মেডিকেল ভর্তি কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আইন পাস হয়েছে, এখন শুধু ভাইস চ্যান্সেলর নিয়োগ ও স্থাপনা নির্ধারণ বাকি,” ফখরুল জানান।
মির্জা ফখরুল কৃষি ও শিক্ষাকে প্রধান অগ্রাধিকার দিয়ে বলেন, “এ অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঘরে বসে মাসে ২–৩ লাখ টাকা আয় করা সম্ভব হবে।”
মাদকবিরোধী প্রতিরোধেও তিনি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। “আমাদের যুবকরা মাদকের দিকে ঝুঁকছে। শুধু পুলিশ নয়, আপনাদেরও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে,” তিনি বলেন।
শেষে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে হতাশ হবেন না। আপনি সবাই পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমি যতদিন আছি, শুধুমাত্র জনগণের কাজ করব, নিজের কোনো বাড়ি-গাড়ি বা বিদেশী সম্পত্তি নিয়ে ভাবব না।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!