রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তে এনসিপির নিন্দা

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৪:৫৩ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তে এনসিপির নিন্দা

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার উদ্যোগের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বাড়াতে পারে এবং অযোগ্য ব্যক্তিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে।

মঙ্গলবার দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত-এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের খবর অনুযায়ী ১০ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলটির বক্তব্য, অতীতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতাবিহীন অনেক ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের নজির স্থাপন করেছেন। অনেক ক্ষেত্রে শিক্ষাব্যবস্থা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা ব্যক্তিরাও শিক্ষকদের ওপর অযাচিত প্রভাব বিস্তার করেছেন এবং কিছু ঘটনায় শিক্ষকদের লাঞ্ছনার ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও শিক্ষানুরাগী সমাজের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং এটিকে শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখা হয়েছিল।

নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পূর্বের ইতিবাচক সংস্কারগুলো অব্যাহত রাখার প্রত্যাশা ছিল বলে উল্লেখ করে এনসিপি বলেছে, শিক্ষাগত যোগ্যতা শিথিল করার উদ্যোগ একটি পশ্চাৎমুখী পদক্ষেপ।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!