রাজনীতি

দেশকে কল্যাণ রাষ্ট্রে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেলিম উদ্দিনের

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৫১ এএম
দেশকে কল্যাণ রাষ্ট্রে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সেলিম উদ্দিনের

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে বসুন্ধরা থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, নামাজের বিধান প্রতিষ্ঠা এবং যাকাতভিত্তিক সমাজ গড়ে তুলতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ইসলামের মৌলিক বিধানগুলো সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সংযম, শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতা বাড়ায়। এ মাসের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করে সমাজে নৈতিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।

সেলিম উদ্দিন বলেন, নামাজ ও যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। প্রকৃত অর্থে নামাজ প্রতিষ্ঠা হলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায় ও অপরাধ কমে আসে। তিনি বলেন, যাকাতভিত্তিক অর্থনীতি চালু করা গেলে দারিদ্র্য দূর করা এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা থানা জামায়াতের আমির আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন থানা বায়তুল মাল সম্পাদক বারাকাত গাজী, থানা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ারুল হক মোল্লা, মুন্সি সিরাজুল হক, নাসির উদ্দিন তারেক ও থানা অফিস সম্পাদক মোবারক হোসাইন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!