রাজনীতি

রাষ্ট্রের তিন অঙ্গকে সঠিক রাখতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: শফিকুর রহমান

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৪:৫৯ এএম
রাষ্ট্রের তিন অঙ্গকে সঠিক রাখতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: শফিকুর রহমান

রাষ্ট্রের সাংবিধানিক তিন অঙ্গকে সঠিক পথে রাখতে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভও সঠিক পথে চলতে বাধ্য হবে। কিন্তু গণমাধ্যম ব্যর্থ হলে বাকি তিন স্তম্ভও দুর্বল হয়ে পড়বে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস থাকলেই গণমাধ্যম তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।

তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়া হয়েছিল এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি বলেন, সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আপসহীন ভূমিকা রাখতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কুরআনের আদর্শে পরিচালিত হলে বাংলাদেশ একটি মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন জাতীয় দৈনিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!