স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ দিবসটি পালনের আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা প্রতিরোধ গড়ে তোলেন। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা।
তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করলেও প্রাপ্তির হিসাব করলে দেখা যায়, বহু প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের শাসনব্যবস্থার অবসান ঘটে এবং দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা—দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, মানুষ ভীতিমুক্তভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।
তিনি অভিযোগ করেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা দেখা যাচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!