রাজনীতি

জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে জামায়াত

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:২৩ এএম
জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে জামায়াত

জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনে সংবিধানের ধারা পরিবর্তনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, মানুষের প্রয়োজনেই সংবিধান—প্রয়োজনে তা পরিবর্তন করা যেতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রফিকুল ইসলাম খান বলেন, “সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধারা পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে।”

তিনি জানান, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিন ২৭টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কিছু বিষয় পরবর্তী বৈঠকের জন্য রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদের চাকরির বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে কমিটির সদস্যরা প্রায় একমত হয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের কর্মীদের সুরক্ষায় প্রস্তাবিত অধ্যাদেশ নিয়েও নীতিগতভাবে একমত হলেও এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে।

সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষার মধ্যে কোনটি প্রাধান্য পাবে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অবশ্যই জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেব। কারণ এই আন্দোলনের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, সংবিধান কোনো অপরিবর্তনীয় দলিল নয়; দেশের ও জনগণের প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করা যেতে পারে। সাবেক সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, তারা সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছু করলেও জামায়াত মনে করে, জনগণের স্বার্থই সর্বোচ্চ বিবেচ্য হওয়া উচিত।

তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে যেকোনো ইতিবাচক উদ্যোগে সরকারকে সমর্থন দেবে জামায়াত। তবে দেশ, জনগণ বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো সিদ্ধান্ত হলে দলটি এর বিরুদ্ধে অবস্থান নেবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!