রাজনীতি

৫৫ বছরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি : সিবগাতুল্লাহ

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০৮:২৯ এএম
৫৫ বছরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি : সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আজ ৫৫ বছর পূর্ণ হলো। তবে স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। শাসকগোষ্ঠী বারবার স্বাধীনতার মূল লক্ষ্যকে আটকে রেখেছে।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদ-এর উত্তর গেট থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি পল্টন, প্রেসক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি সিবগাতুল্লাহ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার সেই গণরায় উপেক্ষা করছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, জনগণের ইচ্ছা সংবিধানের চেয়ে বড়। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, গণমানুষের রায়ের বিরুদ্ধে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার সম্পর্কিত অধ্যাদেশ বাতিলের চক্রান্ত চলেছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা। শিক্ষা খাতের উন্নয়ন না হওয়া, মানুষের নিরাপত্তা সংকট এবং চাঁদাবাজির মতো সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।

র‌্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!