জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা-আক্রমণের কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। এই সংঘাত শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলকে নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।
ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটের কারণে দেশের মানুষের ভোগান্তির কথাও তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, “ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে ২৯ মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানা চালু হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এটি কৃষি, উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেটের গতিকেও প্রভাবিত করবে।”
বিরোধীদলীয় নেতা সকল যুদ্ধসংক্রান্ত পক্ষকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের এই যুদ্ধের দাবানল শত শত কোটি মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না। কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করুন।”
অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির আলোকে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “এ সময় রাজনৈতিক পয়েন্ট-স্কোরিংয়ের নয়, বরং ঐক্যের। জনগণের স্বার্থে সব ভেদাভেদ ভুলে এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!