রাজনীতি

স্বাধীনতার ৫৫ বছর পরও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:২১ এএম
স্বাধীনতার ৫৫ বছর পরও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে আবার ‘অপশক্তি’ মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সতর্ক থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সবাই খুব আশাবাদী। আমাদের নেতা তারেক রহমানের প্রতি মানুষের মধ্যে ব্যাপক আশা তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলেননি, বরং দেশ গড়ার একটি পরিকল্পনার কথা বলেছেন।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করার যে উদ্যোগ নিয়েছিলেন, তারেক রহমানও সেই পথ অনুসরণ করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দিচ্ছেন।

বিএনপি মহাসচিব দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সব অপশক্তিকে পরাজিত করে আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। অতীতের বিভেদ ভুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভায় তিনি অভিযোগ করেন, গত ১৮ বছরে বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর দাবি, এ সময়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার তরুণ নেতা-কর্মী নিহত হয়েছেন এবং বহু নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। তিনি বলেন, “এত নির্যাতনের পরও আমরা মাথা নত করিনি, লড়াই চালিয়ে গেছি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!