রাজনীতি

১৩৩ অধ্যাদেশের ১৫টিতে জামায়াতের দ্বিমত

আপডেট: মার্চ ৩০, ২০২৬ : ০৫:২৮ এএম
১৩৩ অধ্যাদেশের ১৫টিতে জামায়াতের দ্বিমত

ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোট, মানবাধিকার কমিশন ও বিচারবিভাগ-সংক্রান্ত বিষয়সহ অন্তত ১৫টি ইস্যুতে দলটি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

রোববার (২৯ মার্চ) সংসদ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, বৈঠকে প্রায় ২২টি বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১৪-১৫টি বিষয়ে তারা একমত হতে পারেননি। “আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু বিষয় পাস করার চেষ্টা হচ্ছে,” বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন এবং গুম-খুন প্রতিরোধ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আগের মতো দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছে জামায়াত।

বিচারবিভাগসংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগে বাছাই কমিটির মতো সংস্কারগুলো বাতিল করে আগের অবস্থায় ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা খর্ব করার আশঙ্কাও রয়েছে বলে দাবি করেন তিনি।

গণভোট প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, “গণভোট একটি জাতীয় বিষয়। এটিকে বাতিল করার প্রস্তাব আমরা মেনে নিতে পারি না।” তিনি প্রশ্ন তোলেন, যদি গণভোটকে সংবিধানবহির্ভূত বলা হয়, তাহলে একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়। তাঁর ভাষ্য, গণভোটে জনগণের রায় কার্যকর করতে হবে।

তিনি জানান, যেসব বিষয়ে কমিটিতে একমত হওয়া যায়নি, সেগুলো সংসদে চূড়ান্ত আলোচনার জন্য উত্থাপন করা হবে। কিছু অধ্যাদেশ সংশোধনীসহ মেনে নেওয়া হলেও যেগুলোতে জনস্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলোতে আপস করা হবে না।

এসব বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা ও প্রয়োজন হলে ভোটাভুটি হবে বলেও জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!