রাজনীতি

ভোটকেন্দ্রে ‘সাহসী জনশক্তি’ গড়ার আহ্বান মতিউরের

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:২০ এএম
ভোটকেন্দ্রে ‘সাহসী জনশক্তি’ গড়ার আহ্বান মতিউরের

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ প্রতিরোধে প্রতিটি ভোটকেন্দ্রে সাহসী জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, মাঠে শক্ত অবস্থান থাকলে ভোট কারচুপির সুযোগ কমে আসে।

মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা শাখা।

মতিউর রহমান আকন্দ বলেন, সাম্প্রতিক নির্বাচনে যেসব আসনে তাঁর দলের প্রার্থীরা জয়ী হয়েছেন, সেখানে নেতাকর্মীরা সাহসী ভূমিকা রেখেছেন। তাঁর দাবি, কিছু এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলেও স্থানীয় জনশক্তির প্রতিরোধে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “প্রতিরোধ গড়ে তুলতে পারলে অনিয়ম টেকসই হয় না।”

তিনি আরও বলেন, “অপরাধীরা সব সময় দুর্বল থাকে। প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।” তাঁর ভাষ্য, মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করা গেলে তথাকথিত ‘ডিপ স্টেট’ দুর্বল হবে এবং ভোট কারচুপির সুযোগ কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন সংবিধান প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের সরকারগুলো নিজেদের ক্ষমতা সুসংহত করতে সংবিধানে পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ‘জুলাই সনদে’ স্বাক্ষর করার পর এ বিষয়ে নতুন করে আলোচনা নয়, বরং বাস্তবায়নই এখন জরুরি। এজন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!