জাতীয় সংসদে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে—এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর দাবি, আইনমন্ত্রী তাঁর বক্তব্য ‘মিসকোট’ করেছেন, যা নিয়ে সংসদে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। এর আগে সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর বিধি ৬২ অনুযায়ী আলোচনায় অংশ নেন তিনি।
শফিকুর রহমান বলেন, “আমাদের বক্তব্য ছিল সংকট নিরসনের লক্ষ্যে। আমরা কোনো নতুন সংকট তৈরি করতে চাইনি, বরং সমাধান চেয়েছি।” তিনি উল্লেখ করেন, সংস্কার প্রক্রিয়া ঘিরে কোনো কমিটি গঠন করা হলে তা ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে, তবে সেখানে উভয় পক্ষের সমান প্রতিনিধিত্ব না থাকলে কার্যকর ফল পাওয়া কঠিন হবে।
তিনি অভিযোগ করেন, তাঁর এ বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী সংসদে বলেছেন যে, বিরোধীদল সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে। “বাস্তবে আমরা সংবিধান সংশোধনের কোনো প্রস্তাব দিইনি; আমরা বলেছি সংবিধান সংস্কারের কথা,” বলেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও জানান, বিষয়টি পরিষ্কার করার জন্য তিনি সংসদে আবার বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে সেদিনের আলোচনা শেষ হয়ে যায়। স্পিকার পরদিন এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, বিরোধীদল হিসেবে তাদের অবস্থান হবে গঠনমূলক। “দেশ ও জাতির স্বার্থে সরকারের ভালো উদ্যোগে আমরা সমর্থন দেব। তবে জনগণের অধিকার ক্ষুণ্ন হলে সেখানে আমরা প্রতিবাদ, এমনকি প্রতিরোধও গড়ে তুলব,” বলেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!