রাজনীতি

জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদ কলঙ্কিত হবে: আখতার হোসেন

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৫:২৯ এএম
জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদ কলঙ্কিত হবে: আখতার হোসেন

রংপুর-৪ আসনের সংসদ সদস্য বলেছেন, “অনেকে গণভোটের আদেশকে আইন নয়, অসাংবিধানিক বলছে। জনগণ যেখানে গণভোটের মাধ্যমে এ আদেশের পক্ষে রায় দিয়েছে, সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা হলে সংসদ কলঙ্কিত হবে।”

মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে সরকার ছিল না। সেই সময় সংবিধান কতটুকু কার্যকর ছিল তা আমরা সবাই জানি। “অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। সেখানে ৩০টিরও বেশি রাজনৈতিক দল নিয়মিত আলোচনা করেছে,” উল্লেখ করেন তিনি।

তিনি প্রশ্ন তুলেন, “আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন, কোন সংবিধানের অধীনে নিয়োগ পেয়েছিলেন? সেই প্রশ্ন আমরা ভুলে গেছি?” তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছিল। সেই আলোচনার বিষয় এখন সংসদে ভুলে যাওয়ায় জনমনে প্রশ্ন উঠছে।

আখতার হোসেন বলেন, “৫ অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গণভোটে জনগণের রায় সংসদের প্রত্যেক সদস্যকে মানতে হবে। সেই রায়কে এখন অসাংবিধানিক বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। সংবিধানের ১৫২ নাম্বার আর্টিকেলের মধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, একটি অধ্যাদেশও আইন হিসেবে কার্যকর হতে পারে।”

তিনি স্পষ্ট করেন, “যে অধ্যাদেশ জারি হয়েছে, সেটি বৈধ। সংসদে এ বিষয়ে আপ্রুভ করা হোক বা না হোক, গণভোটের বৈধ রায়কে অবৈধ বলা যাবে না।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!