রাজনীতি

ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ: নাহিদ ইসলাম

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৪:৫৩ এএম
ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ ‘ওয়াদা ভঙ্গের সংসদে’ পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গুরুত্বপূর্ণ একটি বিল পাসের ক্ষেত্রে সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং বিরোধী দলকে না জানিয়ে সংশোধনী আনা হয়েছে।

শুক্রবার রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটি নিয়ে আগে থেকেই সব পক্ষের মধ্যে ঐকমত্য ছিল। কিন্তু অধিবেশন শুরুর অল্প সময় আগে কাউকে না জানিয়ে এতে সংশোধনী আনা হয় এবং তা দ্রুত পাস করা হয়। তিনি একে ‘ছলচাতুরির মাধ্যমে বিল পাস’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতার নেতৃত্বে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করা হয়েছে। পুরো সময় অধিবেশনে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিশেষ কমিটিতে একাধিক অধ্যাদেশ নিয়ে যে সমঝোতা হয়েছিল, তা সরকার রক্ষা করেনি। অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আলোচনার সুযোগ ছাড়াই ল্যাপস (তামাদি) হওয়ার পথে রয়েছে।

তিনি আরও বলেন, কার্যউপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে প্রয়োজনে রাত পর্যন্ত আলোচনা চলবে। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি। এতে সংসদীয় প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াত ও বিরোধী জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!