রাজনীতি

সংরক্ষিত নারী আসনে যোগ্য ও আন্দোলন-সংশ্লিষ্টদের প্রাধান্য: রিজভী

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৭:৫২ এএম
সংরক্ষিত নারী আসনে যোগ্য ও আন্দোলন-সংশ্লিষ্টদের প্রাধান্য: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম রয়েছে—এমন নারীদেরই সংরক্ষিত আসনে মনোনয়নে প্রাধান্য দেওয়া হবে বলে তিনি আশা করছেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া কার্যক্রম চলছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে অনেকেই ফরম জমা দিয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ডে আবেদনগুলো জমা হবে। সেই বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থীদের চূড়ান্ত করবে। পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

রিজভী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই বিএনপি সংসদ সদস্য বাছাই করে থাকে এবং এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর দেশ একটি গণতান্ত্রিক পরিবেশে পৌঁছেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে লড়াই হয়েছে, তার সুফল কাজে লাগাতে হবে।

এ সময় তিনি বলেন, বর্তমান সংসদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে—জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সবখানেই জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে গতকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বেড়েছে। আজও সকাল থেকে সেখানে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মনোনয়নপ্রত্যাশীরা দলের কেন্দ্রীয় নেতাদের বাসা ও কার্যালয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনে অংশগ্রহণের বিষয় তুলে ধরছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!