গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন করে সাংবিধানিক সংকটে পড়তে পারে।
আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
শিশির মনির বলেন, গণঅভ্যুত্থান সাধারণত সংবিধানের কাঠামোর বাইরে থেকেই সংঘটিত হয়। এ ধরনের রাজনৈতিক বিষয়কে আদালতের আওতায় আনা হলে সংকট আরও বাড়তে পারে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আদালত খুললে সংবিধান সংস্কার বাস্তবায়নের প্রশ্নটি উত্থাপিত হবে এবং আদালত এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, গণভোটের ফল মেনে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকা উচিত। এরপর সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করে প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে এই আইনজীবী বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার নজির নেই। এমনটি করা হলে তা ইতিহাসে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নাহিদ ইসলাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!