গত বছর পিক্সেল ১০ সিরিজ উন্মোচনের পরই পিক্সেল ১০এ নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রথম দিকে ধারণা ছিল, ২০২৫ সালের শেষ দিকে ফোনটি বাজারে আসবে। তবে তা না হলেও নতুন করে ফেব্রুয়ারিতে উন্মোচনের সম্ভাবনার কথা উঠে এসেছে।
ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ–এর নকশা আগের মডেলের মতোই হবে। পেছনে থাকতে পারে সমতল প্লাস্টিক বডি। ক্যামেরার জন্য থাকবে ছোট ওভাল বা পিল–আকৃতির আইল্যান্ড, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। পর্দার চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকলেও এটি গুগলের ‘এ’ সিরিজের পরিচিত নকশার অংশ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
পিক্সেল ১০এ–তে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এতে এলটিপিএস প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা বলা হচ্ছে। ফলে প্রিমিয়াম পিক্সেল মডেলের মতো ১ হার্জ রিফ্রেশ রেট সুবিধা নাও থাকতে পারে।
প্রসেসরের ক্ষেত্রে গুগল ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন টেনসর জি৫ চিপের পরিবর্তে পিক্সেল ১০এ–তে ব্যবহার করা হতে পারে আগের টেনসর জি৪ চিপ। উৎপাদন খরচ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে পারে গুগল। তবে পারফরম্যান্সে সামান্য উন্নতি যোগ করা হতে পারে।
র্যাম ও স্টোরেজ হিসেবে ফোনটিতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এ ছাড়া ২৫৬ জিবি স্টোরেজের একটি সংস্করণও আসতে পারে।
ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, পিক্সেল ১০এ–তে ৫ হাজার ১৯৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। চার্জিং স্পিডে বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
একজন পরিচিত তথ্যফাঁসকারী জানিয়েছেন, ফোনটি ১৭ ফেব্রুয়ারি উন্মোচিত হতে পারে। ভারতের বাজারে ১২৮ জিবি সংস্করণের সম্ভাব্য দাম হতে পারে প্রায় ৫২ হাজার রুপি। আর ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে প্রায় ৬৩ হাজার রুপি।
তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে পিক্সেল ১০এ নিয়ে কিছু জানায়নি। ফলে উন্মোচনের সময়সূচি, দাম ও স্পেসিফিকেশন চূড়ান্ত ঘোষণার আগে পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!