কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করতে যাচ্ছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না তা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমানো হবে।
ওপেনএআই জানিয়েছে, ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে। মূল লক্ষ্য হলো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ফিচারটি কোনো অ্যাকাউন্ট কিশোর হিসেবে শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা কার্যকর হবে। এতে সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টের প্রদর্শন সীমিত হবে।
তবে ওপেনএআই স্বীকার করেছে, বয়স শনাক্ত প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়। ভুল শনাক্ত হলে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে পরিচয় যাচাই করতে হবে। এর জন্য একটি সেলফি জমা দিয়ে ‘পারসোনা’ যাচাই সেবা ব্যবহার করতে হবে।
ফিচারটি ইউরোপীয় ইউনিয়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ থাকায় সেখানে ওপেনএআই বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ওপেনএআই পূর্বেও ঘোষণা দিয়েছে, চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা বা ‘অ্যাডাল্ট মোড’ চালুর পরিকল্পনা রয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বয়স যাচাই করা ব্যবহারকারীদের জন্য পরিণত কনটেন্ট প্রদানের ইঙ্গিত দিয়েছিলেন।
বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বড় ব্যবহারকারীভিত্তির কারণে বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি প্রতিষ্ঠানটি রাজস্ব বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শনেরও ব্যবস্থা করছে।
বিশ্লেষকদের মতে, বয়স শনাক্তের এই উদ্যোগ একদিকে কিশোরদের সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও তৈরি করবে। তবে বয়স অনুমানের নির্ভুলতা ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে চর্চা ও বিতর্ক বাড়তে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!