প্রযুক্তি

আইইবিতে দোয়া ও ইফতার মাহফিল, দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরলেন অতিথিরা

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০২:৩৯ পিএম ১৫
আইইবিতে দোয়া ও ইফতার মাহফিল, দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরলেন অতিথিরা
রমনায় আইইবি মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি ও প্রকৌশলীদের অংশগ্রহণ।

ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আইইবি সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের বড় একটি অংশ প্রকৌশল ও চিকিৎসা পেশায় যুক্ত হন। তবে অনেক ক্ষেত্রে কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়ার কারণে উন্নয়ন কর্মকাণ্ডে জটিলতা সৃষ্টি হয়। তিনি উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নানা সমস্যার সম্মুখীন হন। তিনি আশা প্রকাশ করেন, প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল) বলেন, দীর্ঘদিন ধরে প্রকৌশলীরা বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। অতীতে আন্দোলন-সংগ্রামে যুক্ত প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সময়ে চাকরি হারানো প্রকৌশলীদের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান তিনি।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশল খাতের অনেক বিশেষায়িত পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং কাজের গতি কমে যাচ্ছে। তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৌশলীদের যথাযথ পদায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইইবি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

স্বাগত বক্তব্যে আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ নামে দেশের প্রকৌশলীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আইইবির অধীনস্থ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি) প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ইআরসি ঢাকার ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু।

আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল-হাসান (তমাল) অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব ও আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Tags:
আইইবি ইফতার মাহফিল ঢাকা বাংলাদেশ প্রকৌশলী সংগঠন আইইবি বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!