ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন এলাকায় বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করে বিজ্ঞাপনী ফলক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিজ্ঞাপনী স্থাপনা বরাদ্দ ও তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, শুক্রবার এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেন সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ। আদেশে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানান, ডিএসসিসির নিজস্ব জমি ও ইমারত, পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বিজ্ঞাপনী স্থাপনা প্রদর্শনের জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাই করবে এই কমিটি।
তিনি বলেন, আবেদনপত্রে উল্লেখিত স্থানগুলো কমিটির সদস্যরা পরিদর্শন করবেন। পরিদর্শনের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য সুপারিশ দেওয়া হবে। একই সঙ্গে অনুমোদন ছাড়া স্থাপন করা বিজ্ঞাপনী ফলক, কারিগরি মানদণ্ড না মানা বিজ্ঞাপন, নির্ধারিত আয়তনের বাইরে স্থাপিত বড় আকারের বিজ্ঞাপন এবং বিদ্যুৎ সরবরাহ লাইনের সংলগ্ন বা এর ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ বিজ্ঞাপনী স্থাপনা অপসারণের ব্যবস্থাও নেবে কমিটি।
ডিএসসিসি সূত্র জানায়, গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তাকে (বাজার ও বিবিধ আদায় শাখা)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, জনসংযোগ কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল)।
আরএস
No comments yet. Be the first to comment!