রাজধানী

রিহ্যাবে সব পদে সরাসরি ভোট, নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৪:৫৮ এএম ১১
রিহ্যাবে সব পদে সরাসরি ভোট, নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন সংগঠনের সদস্যরা।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনের সব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রিহ্যাব নির্বাচন বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ সব পদেই এবার প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। এর ফলে সাধারণ সদস্যরা সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

এবার পরিচালনা পর্ষদের মোট ২৯টি পদে সদস্যরা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল—আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং হৃদয়ে বাংলাদেশ। এর মধ্যে আবাসন ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গত নির্বাচনে তারা ২৯টি পরিচালক পদের মধ্যে ২৫টিতেই জয় পেয়েছিল। অন্য দুই প্যানেলের বেশির ভাগ পদে প্রার্থী নেই।

সভাপতি পদে এবার তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়াই হবে বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাকের মধ্যে।

চারটি সহসভাপতি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। সহসভাপতি (প্রথম) পদে পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস এবং অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সহসভাপতি (দ্বিতীয়) পদে প্রার্থী হয়েছেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক এবং রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু। সহসভাপতি (তৃতীয়) পদে লড়বেন র‍্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া এবং রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ।

সহসভাপতি (অর্থ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন।

চট্টগ্রাম অঞ্চল থেকে সহসভাপতি পদে চারজন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভুঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান।

পরিচালনা পর্ষদে মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ঢাকা অঞ্চল থেকে ২০টি পদে ৩৯ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে ঢাকায় ভোটার সংখ্যা ৪৬১ জন এবং চট্টগ্রামে ৫৮ জন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!