রাজধানী

শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নবিরোধী মোটর শোভাযাত্রা রাজধানীতে

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:০১ এএম ১১
শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্নবিরোধী মোটর শোভাযাত্রা রাজধানীতে

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে হর্নের বিরুদ্ধে একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প-এর আওতায় শনিবার (১৭ জানুয়ারি) এই কর্মসূচি আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সমন্বিতভাবে কাজ করলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে শব্দদূষণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টি করে এমন হর্নের আমদানি বন্ধে ইতোমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান এবং পরিবেশ অধিদপ্তরের যানবাহন নিয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!