রাজধানী

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৩৬ পিএম ১১
১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজস্ব বিভাগ ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ (১৮ জানুয়ারি) রোববার মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ করেননি বা তা প্রদর্শন করতে পারেননি। এছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে বিলবোর্ড স্থাপন করেছে। আমরা নতুন করে সেগুলো পরিমাপ করছি এবং আইন অনুযায়ী কর আরোপ করছি।”

তিনি আরও বলেন, “শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত ও সঠিকভাবে বিজ্ঞাপন কর পরিশোধ করলে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে আর্থিক সংকট সৃষ্টি হবে না। অবৈধ বিজ্ঞাপন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

অভিযানের সময় টপটেন, এপেক্স, বে, স্টার ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। বিশেষ করে কাচ্চিভাই খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।

ডিএনসিসি জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অধিকতর আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড পরিমাপ করে নতুনভাবে কর নির্ধারণ করা হয়েছে। নতুন ধার্য করা কর আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি সপ্তাহের মধ্যে নোটিশ দেওয়া হবে।

ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন বলেন, “নগরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!