রাজধানী

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০২:২৯ পিএম ১০
বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর আশপাশের নিরব এলাকায় হর্ন বাজালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণ দিকে দেড় কিলোমিটার এলাকা—স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত—গত বছরের সেপ্টেম্বর থেকে নিরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও নিরব এলাকার আওতাভুক্ত।

ডিএমপি জানায়, এসব এলাকায় যানবাহনে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন অনুযায়ী নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এতে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

উপ-পুলিশ কমিশনার জানান, সম্প্রতি জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ রোধে পুলিশের জরিমানা আরোপের ক্ষমতা রয়েছে। বিধিমালা বাস্তবায়নে ডিএমপি নিয়মিত অভিযান চালাবে বলেও জানান তিনি।

ডিএমপি সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী যানবাহনের চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!