রাজধানী

পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৩০ এএম ১১
পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন থানার পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত স্কুলের আরও একজন কর্মকর্তা শারমিন জাহানের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু অধিকার আইনে বৃহস্পতিবার মামলা করেছেন। মামলায় পবিত্র কুমার বড়ুয়া এবং শারমিন জাহানকে আসামি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের স্কুলে, যেখানে শিশুটি প্রি-প্লে শ্রেণিতে পড়ত। দুদিন পর শিশুটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পল্টন থানায় আছেন।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, দ্রুত শারমিন জাহানকেও গ্রেপ্তার করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!