রাজধানী

নির্বাচন-শবেবরাত ঘিরে ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলছে দুই দফায় ৮ দিনের ছুটি

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৫৫ এএম ১২
নির্বাচন-শবেবরাত ঘিরে ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলছে দুই দফায় ৮ দিনের ছুটি

আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে দীর্ঘ ছুটির সুযোগ। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দফায় মোট ৮ দিনের ছুটি কাটানো যাবে।

ক্যালেন্ডার ও সরকারি ঘোষণার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধেই বড় দুটি ছুটি উপভোগ করা সম্ভব। ফেব্রুয়ারির শুরুতেই সরকারি কর্মকর্তারা টানা চার দিনের ছুটি পাবেন। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাত্র এক দিনের ছুটি নিয়ে চার দিন বিশ্রাম উপভোগ করা যাবে।

এরপর আসছে দ্বিতীয় দফা ছুটি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এখানে আরও চার দিনের ছুটি পাওয়া যাবে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সরকারি ছুটি আগেই ঘোষণা করা হয়েছে।”

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিষ্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন নির্ধারিত হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!