রাজধানী

সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে

আপডেট: জানু ৩০, ২০২৬ : ০৬:২১ এএম ১৪
সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে

শীতের শেষের দিকে এসে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আবারও অস্থির হয়ে উঠেছে। উত্তরা, আজমপুর ও আব্দুল্লাহপুরের বিভিন্ন বাজারে সরেজমিন খোঁজে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির কেজিতে দাম ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৮০ টাকায়। কাঁচামরিচ প্রতি কেজি ১৬০-১৮০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানিয়েছেন, দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের বেসরকারি ব্যাংক কর্মকর্তা রিপন সরকার বলেন, “গত সপ্তাহে যে ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।” বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।

বিক্রেতারা বলছেন, শীতের শেষ হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ কমেছে, তাই খুচরা বাজারে দাম বেড়েছে। কামারপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা তৈয়বুর রহমান জানান, পাইকারিতে প্রতি সবজির দাম ২০-৪০ টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!