আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এ সময় যাত্রীরা ইফতারের জন্য সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন নিয়মে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচল করবে।
সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল ও বিকেলের বিভিন্ন সময়ে ৫–২০ মিনিটের ব্যবধান অনুযায়ী নির্ধারিত হয়েছে। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ও বিকেলের সময়েও প্রায় একই ব্যবধান অনুসারে চলবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য যাত্রীদের শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে নিয়ে আসার অনুমতি থাকবে। পানি যাতে না পড়ে তা নিয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
শনিবার, শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোর সময়সূচি আগের মতো অপরিবর্তিত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!