রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাঁর সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের অবনতি ও সন্দেহজনিত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে অভিযুক্ত সিয়াম তাঁকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। পরে হাজারীবাগ থানার চরকঘাটা এলাকার একটি সড়কে তাঁকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ডিসি মাসুদ আলম বলেন, আজ সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকা থেকে অভিযুক্ত সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, রক্তমাখা কাপড় ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্ত আগে একই বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং তাঁদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলতে ডাকার পর একপর্যায়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয় এবং এতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত পরিকল্পিতভাবে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে গিয়েছিলেন। ঘটনার বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!